অতিরিক্ত বিলের অভিযোগ নিয়ে বিদ্যুৎ বিভাগের সংশোধিত বিজ্ঞপ্তি

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে প্রমাণ ছাড়া মিথ্যা তথ্য ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিদ্যুৎ বিভাগ। তবে বিজ্ঞপ্তি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সেই অবস্থান থেকে সরে এসে তা সংশোধন করেছে কর্তৃপক্ষ। সংশোধিত বিজ্ঞপ্তিতে আইনি ব্যবস্থার সতর্কবার্তাটি বাদ দেওয়া হয়েছে।

নতুন বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে তিনি প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। অভিযোগ পাওয়ার পর তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগ প্রথম যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল, তাতে দাবি করা হয়েছিল যে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অতিরিক্ত বিল নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ওই বিজ্ঞপ্তিতে মিথ্যা তথ্য ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। তবে নতুন বিজ্ঞপ্তিতে সেই হুঁশিয়ারি বাদ দিয়ে গ্রাহকদের অভিযোগ জানানোর সুযোগ রাখা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ আরও দাবি করেছে, অতিরিক্ত বিদ্যুৎ বিলসংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিতরণ সংস্থাগুলো যাচাই করে সমাধান করেছে। ফলে এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। উল্লেখ্য, গত তিন মাস ধরে দেশের বিভিন্ন এলাকার গ্রাহকেরা অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করে আসছেন। অনেকে দাবি করেছেন, নতুন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করলেও বিল অস্বাভাবিক বেড়েছে, আবার অনেকে অনুমানের ভিত্তিতে বিল তৈরির অভিযোগ করেছেন।

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম জানান, জুন মাসের বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে কেন্দ্রীয়ভাবে কোনো কমিটি গঠন করা হয়নি। প্রতিটি বিতরণ সংস্থা ও কোম্পানিকে নিজ নিজ এলাকার অভিযোগ যাচাই করতে নির্দেশনা দেওয়া হয়েছে।