জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর নয় দিনের সম্ভাব্য এই সফরের শেষ দিকে তাঁর সানফ্রান্সিসকো যাওয়ারও পরিকল্পনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি চলছে। তাঁর সফরসঙ্গীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠানো হয়েছে।

সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন তারেক রহমান। মূল অধিবেশনের বাইরেও বিভিন্ন সাইডলাইন ইভেন্ট ও আয়োজনে তাঁর অংশগ্রহণের কথা রয়েছে। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

যুক্তরাষ্ট্র সফরের সময় সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও, এখনো তা চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শুক্রবার রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, ভারত সফরের বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।