নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী তার সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সরকারি সম্মানির অর্থ থেকে চারজন অসুস্থ ইমাম ও মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কেন্দুয়া উপজেলার নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের অর্ধশতাধিক ইমাম-মুয়াজ্জিন, আলেম-উলামা, ট্রাস্টের নেতৃবৃন্দ এবং ওলামা দলের নেতারা উপস্থিত ছিলেন। অনুদান প্রদানকালে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি তার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।
ইমাম ও মুয়াজ্জিনরা মসজিদকেন্দ্রিক ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উল্লেখ করে তিনি বলেন, অসুস্থতার কারণে যারা আর্থিক সংকটে পড়েছেন, তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। জনপ্রতিনিধি হিসেবে প্রাপ্ত সরকারি সম্মানির অর্থ থেকেই অসুস্থ ও অসহায় মানুষের জন্য এই সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। এছাড়া পর্যায়ক্রমে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথাও ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত আলেম-উলামা ও ইমাম-মুয়াজ্জিনরা এমপির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

