হাম ও উপসর্গে শিশুমৃত্যু প্রায় হাজার ছুঁই ছুঁই

দেশে হামের পরিস্থিতি ক্রমাগত উদ্বেগজনক হয়ে উঠছে। প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৯৭৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু হামের উপসর্গ নিয়ে ৮৮০ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯ জন শিশু প্রাণ হারিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭২ শিশু এবং হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে। সব মিলিয়ে গত এক দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জন।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর মোট সংখ্যা ১৯ হাজার ৩৮৪ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ শিশু।

আক্রান্তদের মধ্যে বিপুলসংখ্যক শিশুকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।