প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০০
কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর বাজারে সোমবার দিবাগত রাতে একযোগে ৫টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল এ সময় বাজারের নৈশপ্রহরী ও ব্যবসায়ীদের হাত-পা বেঁধে জিম্মি করে লুটপাট চালায়।
নৈশপ্রহরীরা জানান, সোমবার দিবাগত রাত একটার দিকে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে বাজারে প্রবেশ করে। ডাকাতদের সবার মুখ গামছা দিয়ে ঢাকা ছিল এবং তাদের কাছে রাইফেল ও ধারালো অস্ত্র ছিল। ডাকাতরা চারজন নৈশপ্রহরী ও দুইজন ব্যবসায়ীকে ধরে ওবায়দুল নামের এক ব্যক্তির চায়ের দোকানের ভেতরে নিয়ে হাত-পা বেঁধে আটকে রাখে।
ডাকাতির শিকার ব্যবসায়ীদের মধ্যে প্রাণতোষ বিশ্বাস জানান, তার দোকানের সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলা হয়েছে। ডাকাতরা তার দুটি শোরুম ও কারখানার লকারের ড্রয়ার ভেঙে ২০ ভরি খাঁটি রূপা, কয়েক ভরি পুরোনো স্বর্ণের গহনা এবং ক্যাশ ড্রয়ারে থাকা ২৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
বাজারে দীর্ঘ ত্রিশ বছর ধরে ব্যবসা করা আব্দুল হান্নান শেখ জানান, ডাকাতরা তাকেও ধরে নিয়ে গিয়ে নৈশপ্রহরীদের সঙ্গে বেঁধে রাখে। এ সময় তারা তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। সোমবার রাত একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত দীর্ঘ সময় ধরে ডাকাত দল মানিক জুয়েলার্স, ঈশানী বিউটি কসমেটিকস, মেকার হান্নান শেখ ও ওবায়দুলের দোকানে লুটপাট চালায়। এসব দোকান থেকে কয়েকটি মুঠোফোন ও নগদ ১২ হাজার টাকা লুট করা হয়। ডাকাতি শেষে ডাকাতরা দুইজন নৈশপ্রহরীকে হাত-পা বাঁধা অবস্থায় শৈলডাঙ্গী মহাশ্মশান পর্যন্ত নিয়ে যায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, একতারপুর বাজারের কয়েকটি দোকানে চুরির ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং বিষয়টি তদন্ত করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।

