রাজনৈতিক পরিচয়ে কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি চিফ হুইপের

বরগুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোনো অপরাধীকেই তার রাজনৈতিক পরিচয়ের কারণে ছাড় দেওয়া হবে না।

শনিবার বেলা ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে আয়োজিত বরগুনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নবিষয়ক এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ উল্লেখ করেন, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সরকারি সেবার মান উন্নয়ন প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। এ জন্য প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পেতে পারে।

বরগুনাসহ উপকূলীয় এ অঞ্চলের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, কৃষি, মৎস্য, পর্যটন ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটানো সরকারের উন্নয়ন অগ্রাধিকারের অংশ। স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের মূল সুফল যেন প্রকৃত অর্থেই সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়।

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে চিফ হুইপ বরগুনার জনদুর্ভোগ লাঘবে সব দপ্তরকে সমন্বিত ভূমিকা রাখার নির্দেশ দেন। বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ওলি উল্লাহ, বরগুনার পুলিশ সুপার কুদরাত ই খুদা (পিপিএম সেবা), জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম