সরকারি আবাসন সুবিধা পাওয়া চাকরিজীবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। যারা নিজেরা বরাদ্দকৃত ফ্ল্যাটে না থেকে অন্য কাউকে ভাড়া বা সাবলেট দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর। গত বৃহস্পতিবার এ বিষয়ে একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামী শনিবারের মধ্যে সব সরকারি ফ্ল্যাট থেকে ভাড়াটে ও সাবলেটগ্রহীতাদের সরিয়ে নিতে হবে। বরাদ্দপ্রাপ্তদের এই সময়ের মধ্যে নিজেদের বাসায় বসবাস শুরু করতে বলা হয়েছে। নির্ধারিত এই সময়ের পর যদি কোনো ফ্ল্যাটে ভাড়াটে বা সাবলেট পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট চাকরিজীবীর বাসার বরাদ্দ সরাসরি বাতিল করা হবে। এছাড়া তার বিরুদ্ধে শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবাসন পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে উঠে এসেছে যে, অনেক সরকারি চাকরিজীবী তাদের নামে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা পুরো ফ্ল্যাটই অন্যের কাছে ভাড়া দিয়ে রেখেছেন। এ ধরনের কর্মকাণ্ড ১৯৮২ সালের বাংলাদেশ সরকারি আবাসন বিধিমালা পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যারা ইতিমধ্যে ভাড়া দিয়েছেন, তাদের ৩১শে অক্টোবরের মধ্যে ভাড়াটে সরিয়ে নিজেরা সেখানে বসবাস করতে হবে। নির্ধারিত সময়ের পর অনিয়ম পাওয়া গেলে বরাদ্দ বাতিলের পাশাপাশি বিধিমালার ১৪(৩) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির অফিসপ্রধান ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হবে।
আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর আজিমপুর, মতিঝিল ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় সরকারি ফ্ল্যাট রয়েছে। এসব বাসার অনেক বরাদ্দপ্রাপক নিজেরা না থেকে সেগুলো অন্যের কাছে ভাড়া দিয়ে রেখেছেন, যা এখন বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

