সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, এই দুই মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে মোট প্রাণহানি ৬৭ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে নতুন করে আরও ৭৩০ জন রোগী ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দু’জনই খুলনা বিভাগের বাসিন্দা। সংক্রমণের দিক থেকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন, যার সংখ্যা ৩৭৪ জন। এছাড়া খুলনা বিভাগে ১২৩ জন, বরিশাল বিভাগে ১০৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন এবং রংপুর বিভাগে ১০ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই (দুই সিটি করপোরেশনসহ) ৩০ জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন এবং চট্টগ্রাম বিভাগে ৫ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন। একই সময়ে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

