দেশের গ্রামাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্কের মান উন্নত করতে কম ফ্রিকোয়েন্সির বা লোয়ার-ব্যান্ডের তরঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে ‘ই-জিএসএম’ (Extended GSM) ব্যান্ডের স্পেকট্রাম বা তরঙ্গ বরাদ্দের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে এই তরঙ্গ নিলামের সময়কাল নিয়ে দেশের দুই শীর্ষ বেসরকারি মোবাইল অপারেটর রবি ও বাংলালিংকের মধ্যে বিপরীতমুখী অবস্থান তৈরি হয়েছে। বাংলালিংক চাইছে নতুন টেলিযোগাযোগ নীতিমালা চূড়ান্ত হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হোক, অন্যদিকে রবি দ্রুত এই নিলাম আয়োজনের তাগিদ দিচ্ছে।
মুঠোফোনের সিগন্যাল মূলত বেতার তরঙ্গের মাধ্যমে যাতায়াত করে, যার কার্যকারিতা অনেকটা টর্চলাইটের আলোর মতো। কিছু তরঙ্গ বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারে, আবার কিছু তরঙ্গ কাছাকাছি ছড়িয়ে পড়ে। বর্তমানে অপারেটরদের ব্যবহৃত তরঙ্গগুলো দ্রুতগতির ইন্টারনেট দিতে পারলেও দেয়াল বা ছাদের মতো বাধা সহজে ভেদ করতে পারে না। ফলে টাওয়ার কাছে থাকলেও ঘরের ভেতরে নেটওয়ার্ক দুর্বল হয়ে যায়। টেলিযোগাযোগ বিশেষজ্ঞদের মতে, লোয়ার-ব্যান্ড তরঙ্গের বড় সুবিধা হলো এটি বহুদূর যেতে পারে এবং ভবনের ভেতরেও ভালোভাবে প্রবেশ করতে সক্ষম। এ কারণে বিশ্বজুড়ে গ্রামীণ কভারেজ বাড়াতে এই তরঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এই প্রেক্ষাপটে রবি ও বাংলালিংকের আবেদনের ভিত্তিতে বিটিআরসির একটি কারিগরি কমিটি ইজিএসএম ব্যান্ডের সুপারিশ করে। এরপর গত জুন মাসে কমিশন অপারেটরদের অতিরিক্ত লোয়ার-ব্যান্ড তরঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ জন্য ৮৮০ থেকে ৮৮৮.৪ মেগাহার্টজ এবং ৯২৫ থেকে ৯৩৩.৪ মেগাহার্টজ রেঞ্জের ইজিএসএম ব্যান্ডকে নির্ধারণ করা হয়। তখন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানিয়েছিলেন, তরঙ্গের দাম নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। সিদ্ধান্ত পেলেই এক-দেড় মাসের মধ্যে নিলাম হতে পারে।
তবে সম্প্রতি এই নিলাম পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে গত ২১ সেপ্টেম্বর বিটিআরসিকে চিঠি পাঠায় বাংলালিংক। চিঠিতে অপারেটরটি উল্লেখ করেছে, সরকার বর্তমানে নতুন টেলিযোগাযোগ নীতিমালা চূড়ান্ত করার কাজ করছে, যা আগামী নভেম্বরের মধ্যে শেষ হতে পারে। এই নীতিমালায় সংযোগ, ডিজিটাল অন্তর্ভুক্তি, স্পেকট্রাম ব্যবস্থাপনা, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা থাকবে। তাই নীতিমালা চূড়ান্ত হওয়ার আগে তরঙ্গ বরাদ্দ, নবায়ন, মূল্য বা মেয়াদ নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিলে তা ভবিষ্যৎ নীতির সঙ্গে অসামঞ্জস্য তৈরি করতে পারে।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এ প্রসঙ্গে বলেন, তারা কভারেজ ও গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে ইজিএসএম তরঙ্গের কার্যকর ব্যবহারের পক্ষে। তবে যেহেতু আগামী নভেম্বরে তরঙ্গ নবায়ন এবং টেলিযোগাযোগ নীতিমালা চূড়ান্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে, যেখানে তরঙ্গ ভাগাভাগি ও এমভিএনও-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে, তাই চূড়ান্ত নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নেওয়াই যুক্তিযুক্ত।
এর বিপরীতে গত ২৪ সেপ্টেম্বর বিটিআরসিকে চিঠি দেয় রবি। তারা দ্রুত ই-জিএসএম স্পেকট্রাম উন্মুক্ত ও বরাদ্দ করার দাবি জানিয়েছে। রবির মতে, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে এটি এখনই প্রয়োজন। পাশাপাশি টেলিযোগাযোগ নীতিমালার সঙ্গে এই তরঙ্গ বরাদ্দের সরাসরি কোনো আইনি বাধ্যবাধকতা নেই বলেও তারা মনে করে। রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, তরঙ্গের চাহিদা অপারেটরভেদে ভিন্ন হতে পারে। কেউ তরঙ্গ না নিতে চাইলে তা তাদের স্বাধীনতা, কিন্তু রবির গ্রাহকদের সেবার মান বাড়াতে তরঙ্গের প্রয়োজন রয়েছে এবং সে কারণেই তারা বিটিআরসিকে দ্রুত নিলামের অনুরোধ করেছেন।
বর্তমানে দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা ১৯ কোটির বেশি। রাষ্ট্রায়ত্ত টেলিটকসহ মোট চারটি অপারেটর সেবা দিচ্ছে। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সবচেয়ে বেশি—৮ কোটি ৭২ লাখ। দ্বিতীয় অবস্থানে থাকা রবির গ্রাহক প্রায় ৬ কোটি এবং বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৭৯ লাখের বেশি। দুর্গম এলাকায় সেবার মান বাড়াতে গ্রামীণফোন গত জুন মাসে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ চালু করেছে। সে সময় রবি ও বাংলালিংক বিটিআরসির কাছে ইজিএসএম ব্যান্ডের তরঙ্গ চেয়েছিল।
এদিকে ইজিএসএম ব্যান্ডের তরঙ্গের ভিত্তিমূল্য চূড়ান্ত করতে গত বৃহস্পতিবার সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠিয়েছে বিটিআরসি। চিঠিতে জানানো হয়েছে, কম ইন্টারফেরেন্সযুক্ত ৩.৪ মেগাহার্টজ তরঙ্গের প্রতি মেগাহার্টজের ভিত্তিমূল্য ২১৪ কোটি টাকা এবং বেশি ইন্টারফেরেন্সযুক্ত ৫ মেগাহার্টজ তরঙ্গের প্রতি মেগাহার্টজের ভিত্তিমূল্য ১৭৮ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা ১৫ বছরের জন্য প্রযোজ্য হবে। এর আগেও ভিত্তিমূল্য অনুমোদনের জন্য চিঠি পাঠানো হলেও টেলিযোগাযোগ বিভাগ স্পষ্ট কোনো সিদ্ধান্ত দেয়নি। তাই এবার সুনির্দিষ্ট দাম উল্লেখ করে তা অনুমোদনের জন্য পুনরায় পাঠানো হয়েছে। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী স্পষ্ট করে বলেছেন, টেলিযোগাযোগ নীতিমালার সঙ্গে তরঙ্গ নিলামের কোনো সম্পর্ক নেই। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই তারা দ্রুত এই নিলামের আয়োজন করবেন।

