প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ১০
কুমিল্লার লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বাগমারা রেলগেট ও এর আশপাশের এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
সংঘর্ষের ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই কুমিল্লা-১০ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অনুসারী—লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম ও সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টুর অনুসারীদের মধ্যে রাজনৈতিক দূরত্ব তৈরি হয়। এরপর থেকে উভয় পক্ষই দলীয় কর্মসূচিগুলো পৃথকভাবে পালন করে আসছে।
মঙ্গলবার বিকেলে বাগমারা এলাকায় উপজেলা বিএনপির ব্যানারে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শাহজাহানসহ কয়েকজনকে বাগমারা রেলগেট এলাকায় বাধা দেওয়া হয় এবং তাদের ওপর হামলা চালানো হয়। এই খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির সমর্থকরা জড়ো হয়ে পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে এমপি সমর্থিত নেতাকর্মীরা বাজার এলাকা থেকে পিছু হটেন।
পরবর্তীতে কর্মসূচি শেষে যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মী বাগমারা বাইপাস সড়কসংলগ্ন জেলা ওলামা দলের সাবেক সদস্যসচিব মাওলানা জাকির হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে উপজেলা বিএনপি সমর্থিত পক্ষের আহতদের মধ্যে রয়েছেন উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শাহজাহান, মৎস্যজীবী দলের কর্মী মনির হোসেন, শ্রমিক দল নেতা মো. আলী এবং যুবদল কর্মী মোশারফ ও মোহাম্মদ আলী। অপরদিকে এমপি সমর্থিত পক্ষের আহতদের মধ্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন ও যুবদল নেতা জামালসহ অন্তত পাঁচজন রয়েছেন। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে মাওলানা জাকির হোসেনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু দাবি করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি সমর্থিতরা হামলা চালালে কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। তিনি অভিযোগ করেন, এমপি সমর্থিতরা নিয়মিত দলীয় কর্মসূচি বানচালের অপচেষ্টা চালাচ্ছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, এক পক্ষের কর্মসূচি থাকলেও পুলিশ আগে থেকেই বাগমারা বাজারে মোতায়েন ছিল। সংঘর্ষে সুনির্দিষ্ট কতজন আহত হয়েছেন তা তাদের কাছে পরিষ্কার নয় এবং এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

