রাজধানীর উত্তরখান এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আবারও হামলার মুখে পড়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। আজ রোববার বিকেলে উত্তরখানের রাজাবাড়ি এলাকার অস্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্র বা এসটিএস এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মালিকপক্ষের একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে।
ডিএনসিসির জনসংযোগ বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নেপচুন অ্যাকসেসরিজ নামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। আহতদের মধ্যে গুরুতর চারজনকে উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরবর্তীতে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং স্থানীয় থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শনে যান। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, পরিদর্শনের সময় সংশ্লিষ্টদের কাছে ঘটনার জবাবদিহি চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই মুহূর্তে গার্মেন্টস মালিকপক্ষের ‘ভাড়াটে সন্ত্রাসীরা’ প্রশাসক ও সংসদ সদস্যের সামনেই অতর্কিত হামলা চালায়, এতে আরও কয়েকজন আহত হন।
ঘটনার পর ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় প্রশাসক মো. শফিকুল ইসলাম খান হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে অভিযুক্ত নেপচুন অ্যাকসেসরিজ কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

