ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনের অচলাবস্থা নিরসনে চার দফা প্রস্তাব শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক : শহীদ শরিফ ওসমান হাদির স্বপ্নের ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ বাস্তবায়নের ঘোষণা দিয়ে ট্রাস্ট গঠনের অচলাবস্থা নিরসনে চার দফা প্রস্তাবনা দিয়েছে শহীদ ওসমান হাদি ফাউন্ডেশন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফাউন্ডেশনের অ্যাডমিন অফিসার সরোয়ার হোসাইন এ প্রস্তাবনা তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশপন্থি সংস্কৃতির বিকাশ এবং ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধের লক্ষ্য নিয়ে শহীদ শরিফ ওসমান হাদি একটি মূল ট্রাস্টের অধীনে একাধিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন। ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রমও তিনি সম্পন্ন করেছিলেন। তবে মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য নথি জমা দেওয়ার আগেই তিনি শাহাদাত বরণ করেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ট্রাস্ট গঠনের দায়িত্ব শহীদ হাদি ইনকিলাব মঞ্চের পলিটিক্যাল উইংয়ের কো-অর্ডিনেটর শরিফ ওমর হাদির ওপর অর্পণ করেছিলেন। পরবর্তীতে ১১ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। এতে ড. শরিফুল আলমকে চেয়ারম্যান, শহীদ শরিফ ওসমান হাদিকে সদস্য সচিব এবং শরিফ ওমর হাদি ও আব্দুল্লাহ আল জাবেরকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।

ফাউন্ডেশনের দাবি, শহীদ হাদির মৃত্যুর পর ট্রাস্ট ও ইনকিলাব মঞ্চকে কেন্দ্র করে জটিলতার সৃষ্টি হয়। বিবৃতিতে অভিযোগ করা হয়, শাহাদাতের দুই দিন পর আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা এবং বোরহান নামের কয়েকজন ব্যক্তি শরিফ ওমর হাদিকে ইনকিলাব মঞ্চ ও সেন্টার থেকে সরিয়ে দিয়ে ট্রাস্ট পুনর্গঠনের উদ্যোগ নেন। তবে ওই উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি বলেও দাবি করা হয়েছে।

অচলাবস্থা নিরসনে চার দফা প্রস্তাবে বলা হয়েছে, বর্তমানে যারা ইনকিলাব কালচারাল সেন্টার পরিচালনা করছেন, তারা আপাতত পরিচালনার দায়িত্বে থাকবেন। তবে আগামী তিন মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে ট্রাস্ট গঠন করে সেন্টারটিকে ট্রাস্টের অধীনে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া শহীদ হাদি মনোনীত ট্রাস্টি বোর্ডের সদস্যদের বহাল রেখে আরও ১০ জন নতুন সদস্য যুক্ত করে ২১ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে। নতুন সদস্যদের মধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, খেলাফত মজলিস বা কওমি অঙ্গন এবং এবি পার্টির প্রতিনিধি, হাদি হত্যা মামলার আইনজীবী ও শহীদ পরিবারের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবনায় আরও বলা হয়েছে, ট্রাস্টের অধীনে একটি বৃহৎ তহবিল গঠন করে শহীদ হাদি হত্যা মামলার আইনি লড়াই পরিচালনা করা হবে। একই সঙ্গে সদস্য সচিবের শূন্য পদে শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা অথবা তার মনোনীত কাউকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বিবৃতিতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি শহীদ শরিফ ওসমান হাদির বিপ্লবী চেতনা ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতার ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।