যুক্তরাষ্ট্র প্রচলিত সামরিক উপায়ে ইরানের নেতৃত্বকে উৎখাত করতে ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথ বেছে নিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সন্ত্রাসবিরোধী সাবেক উপদেষ্টা জো কেন্ট পডকাস্টার টাকার কার্লসনের অনুষ্ঠানে এই আশঙ্কার কথা জানিয়েছেন।
কেন্টের মতে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কাকে বাস্তব হিসেবেই দেখা উচিত এবং বর্তমান পরিস্থিতিতে এমনটা ঘটা অসম্ভব মনে করা বোকামি হবে। তিনি উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসন বর্তমানে এই সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজতে হিমশিম খাচ্ছে। ইরানের সঙ্গে সংঘাতে ট্রাম্প বারবার লক্ষ্য পরিবর্তন করলেও এখন পর্যন্ত কোনোটিই অর্জন করতে পারেননি, যদিও এর পেছনে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতার প্রায় সবকিছুই ব্যয় করা হয়েছে।
কেন্ট আরও বলেন, ওয়াশিংটন যদি ইরানকে ‘পুরোপুরি আত্মসমর্পণে’ বাধ্য করতে চায়, তবে ট্রাম্পের সামনে দুটি পথ খোলা আছে—পুরোদমে স্থল অভিযান অথবা পারমাণবিক হামলা। তবে ইরানের ভৌগোলিক অবস্থান ও বিশাল জনসংখ্যার কারণে স্থল অভিযান কোনোভাবেই বাস্তবসম্মত নয় বলে তিনি মনে করেন। তাঁর ধারণা, ওয়াশিংটন তাত্ত্বিকভাবে ইরানের পার্বত্য এলাকায় ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে সীমিত পারমাণবিক হামলার কৌশল বেছে নিতে পারে।
এর আগে গত এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, তেহরান ওয়াশিংটনের দাবি না মানলে ইরানের ‘পুরো সভ্যতা ধ্বংস’ করে দেওয়া হবে। ট্রাম্প মার্কিন বাহিনী দিয়ে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকিও দিয়েছেন। এছাড়া, পেন্টাগনের উচ্চ নির্ভুলতার অস্ত্র ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গত মাসের শেষ দিকে ইরানের ওপর একটি হামলা হঠাৎ স্থগিত করা হয়েছিল। যদিও ট্রাম্প ও জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা গোলাবারুদের সংকটের খবর জোরালোভাবে অস্বীকার করেছেন।
বর্তমানে তেহরানের বিরুদ্ধে ‘ইকোনমিক ডি-ডে’ বা চূর্ণবিচূর্ণ করে দেওয়ার মতো অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর অংশ হিসেবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যা ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত প্রায় ৬০টি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজের ওপর কার্যকর করা হয়েছে। এর মধ্যে চীনের ২১টি প্রতিষ্ঠানও রয়েছে। তেহরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে অস্বীকৃতি জানানো দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ইরানকে ‘অর্থনৈতিকভাবে একঘরে’ করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্কট বেসেন্ট।

