আইসিসির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আদালতটির একজন সাবেক বিচারক নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওয়াশিংটন এই কঠোর সিদ্ধান্ত ঘোষণা করল। এই পদক্ষেপের ফলে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কখনো আন্তর্জাতিক অপরাধ আদালতকে মার্কিন নাগরিকদের বিচার করতে দেবেন না। তিনি আরও বলেন, এই দুর্বৃত্ত আদালতের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করা হবে এবং তাদের সম্পদের পথ বন্ধ করার পাশাপাশি কার্যক্রম চালানোর সক্ষমতা পঙ্গু করে দেওয়া হবে। রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেন, আইসিসি তার হুমকি বন্ধ না করলে যুক্তরাষ্ট্র এর অস্তিত্ব শেষ করে দেবে।

আইসিসির ডেপুটি প্রসিকিউটর নাজহাত শামীম খান এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে আইনের শাসন এবং একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠানের কাজ দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি নিশ্চিত করেছেন যে, আদালতের সব মামলা, তদন্ত ও বিচার কার্যক্রম স্বাভাবিকভাবেই চলতে থাকবে।

২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার করে থাকে। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই এই আদালতের বিরোধিতা করে আসছে। এর আগেও প্রসিকিউটর ও বিচারকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তবে বর্তমান নিষেধাজ্ঞা আগের তুলনায় অনেক বেশি বিস্তৃত। এর আওতায় আইসিসিকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া কোম্পানিগুলোকেও শাস্তির মুখে পড়তে হতে পারে। সাধারণত মার্কিন কোম্পানিগুলো নিষেধাজ্ঞার কবলে পড়া কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারে না, যার ফলে ব্যাংক হিসাব বন্ধ হওয়া, বিমা সেবা স্থগিত হওয়া বা সফটওয়্যার সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়।

তবে নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই মার্কিন অর্থ মন্ত্রণালয় চারটি সাধারণ লাইসেন্স দিয়েছে, যার মাধ্যমে আইসিসির টেলিযোগাযোগ, সফটওয়্যার-সংক্রান্ত কিছু লেনদেন, পেনশনের অর্থ পরিশোধ এবং আদালতের হেফাজতে থাকা ব্যক্তিদের সংশ্লিষ্ট কিছু কাজ চালিয়ে যাওয়ার সুযোগ রাখা হয়েছে।

এদিকে, দক্ষিণ আফ্রিকার আইনজীবী নাভি পিল্লাই আজ নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তিনি ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত আইসিসির আপিল বিভাগের বিচারক ছিলেন। নোবেল কমিটি জানিয়েছে, পিল্লাইকে এই পুরস্কার দেওয়ার মাধ্যমে তারা বিশ্বকে মনে করিয়ে দিতে চায় যে, বিচারক ও আন্তর্জাতিক আইন নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো বর্তমানে রাজনৈতিক আক্রমণের মুখে রয়েছে।

আইসিসির সদস্যদেশ ১২৫টি, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সব দেশ রয়েছে। ন্যাটোর সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্র ও তুরস্ক আইসিসির সদস্য নয়। আদালতের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আসতে পারে—এমন আশঙ্কায় আইসিসি কর্মকর্তারা কয়েক মাস আগে থেকেই ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার ও নতুন ব্যাংকিং ব্যবস্থার প্রস্তুতি নিয়েছিলেন। আইসিসির রেজিস্ট্রার ওসভালদো জাভালা গিল ইউরোপীয় ইউনিয়নকে একটি প্রতিরোধমূলক আইনি ব্যবস্থা বা ব্লকিং মেকানিজম ব্যবহারের আহ্বান জানিয়েছেন, যাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব থেকে ইউরোপের দেশগুলোকে সুরক্ষা দেওয়া সম্ভব হয়।

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প আবার ক্ষমতায় ফেরার কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটন নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে।.আন্তর্জাতিক পরিসরে আইনের শাসন এবং একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠানের কাজ দুর্বল করাই এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য।…আমাদের সব মামলা, তদন্ত ও বিচার কার্যক্রম চলতে থাকবে।নাজহাত শামীম খান, ডেপুটি প্রসিকিউটর, আইসিসি.আদালতের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আসতে পারে, এমন আশঙ্কায় আইসিসির কর্মকর্তারা কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছিলেন।