যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ইরান সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ গঠন করেছে। ওয়াশিংটনের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং ইরাকের কাতাইব হিজবুল্লাহর পক্ষে কাজ করতেন। তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন স্থানে প্রায় ২০টি হামলা ও হামলার ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।
অভিযুক্ত তিন ব্যক্তি হলেন মোহাম্মদ বাকার সাদ দাউদ আল-সাদি, মোহসেন মোহাজেরি এবং মোহাম্মদ আলি আল-হাসানি। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে আল-সাদি বর্তমানে নিউইয়র্কের একটি কারাগারে বন্দি রয়েছেন। বাকি দুজনের বর্তমান অবস্থান সম্পর্কে ওয়াশিংটন নিশ্চিত কিছু জানায়নি।
অভিযোগপত্র অনুযায়ী, গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার একটি পরিকল্পনা করা হয়েছিল। সেখানে হামলার উদ্দেশ্যে কয়েকটি সাদা ভ্যানকে জ্বালানি সরবরাহের গাড়ির মতো সাজিয়ে সেগুলোতে জ্বালানির ব্যারেল ও ধাতব বস্তু নেওয়ার ছক কষা হয়েছিল। প্রসিকিউটরদের দাবি, ৩৫ বছর বয়সি আল-হাসানি অন্যদের ঘাঁটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং ৩২ বছর বয়সি আল-সাদি সাংকেতিক ভাষায় ফোনে কথা বলে আল-হাসানি ও ৪৮ বছর বয়সি মোহাজেরির সঙ্গে এই ষড়যন্ত্রের সমন্বয় করেছিলেন।
ঘটনার পর ব্রিটিশ পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করলেও পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে পরবর্তীতে ইরানের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনে অভিযুক্ত করা হয়। তবে ইরান শুরু থেকেই এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।
এই ঘটনার কয়েক দিন পরই যুক্তরাষ্ট্র ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে তাদের সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেয়। এছাড়া ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, ইরানের সম্ভাব্য হুমকির খবর প্রকাশের পর মঙ্গলবার যুক্তরাজ্যে আরএএফ মিলডেনহল বিমানঘাঁটি থেকেও অন্তত ১২টি সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে মে মাসে আল-সাদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইহুদি সম্প্রদায়ের স্থাপনায় হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে লন্ডনে ছুরিকাঘাত ও ইউরোপের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা রয়েছে। আল-সাদি এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে ‘যুদ্ধবন্দি’ হিসেবে দাবি করেছেন।

