পশ্চিম তুরস্কের আফিওনকারাহিসার প্রদেশে বৃহস্পতিবার এক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে এবং পরবর্তীতে পাশের এসকিশেহির প্রদেশ থেকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, আয়াজিনি গ্রামের কাছে তিনজন এবং কিয়ির গ্রামের কাছে আরও তিনজন নিহত হন। এছাড়া ইউকারিতানদির গ্রামে দুই নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন শিক্ষক রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলার পর বিভিন্ন স্থান থেকে তিনটি আলাদা গাড়িতে করে হতাহতদের উদ্ধার করা হয়।
তুর্কি গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে কালো জ্যাকেট, সাদা প্যান্ট ও চশমা পরা এক ব্যক্তিকে একটি লম্বা আগ্নেয়াস্ত্র হাতে লাল মিনিভ্যানের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দৈনিক মিলিয়েতের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীর ব্যবহৃত একটি গাড়ি কাদায় আটকে পড়লে তিনি গাড়িটি ফেলে রেখে পায়ে হেঁটে পালিয়ে যান। ঘটনার পর পুলিশ ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর প্রবেশপথ বন্ধ করে দিয়ে সন্দেহভাজনকে ধরতে অভিযান জোরদার করে।
আফিওনকারাহিসার গভর্নরেট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পরপরই সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা সমন্বিতভাবে কাজ শুরু করেছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

