বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ভারতের রাষ্ট্রপতির সচিবালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেখানে জানানো হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) দুপুর ২টা ২৫ মিনিটে এই বিবৃতিটি প্রকাশ করেছিল। তবে প্রকাশের কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ বিকেলের আগেই তা প্রত্যাহার করে নেওয়া হয়।
এই বিজ্ঞপ্তি প্রত্যাহার বা প্রধানমন্ত্রীর সফর নিয়ে ঢাকা কিংবা দিল্লির কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অবশ্য এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, আগস্টের তৃতীয় সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরটি অনুষ্ঠিত হতে পারে এবং এ নিয়ে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে।

