আফ্রিকার বিদ্যুৎহীন ও দুর্গম অঞ্চলগুলোতে জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশ্বের প্রথম সৌরবিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরি করেছেন নেদারল্যান্ডসের একদল শিক্ষার্থী। আইন্দহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজির ২৩ জন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত একটি দল ‘স্টেলা জুভা’ নামের এই বিশেষ অ্যাম্বুলেন্সটি উদ্ভাবন করেছে।
এই যানে সৌর প্যানেল যুক্ত করা হয়েছে, যা গাড়িটি চালানোর পাশাপাশি ভেতরের চিকিৎসা সরঞ্জাম সচল রাখতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করবে। এর ফলে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা যেমন কমবে, তেমনি বিদ্যুৎ সুবিধা নেই এমন এলাকায়ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে।
দুই আসনের এই অ্যাম্বুলেন্সটিতে এক্স-রে মেশিন, আলট্রাসাউন্ড স্ক্যানার এবং স্বয়ংক্রিয় বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র বা এইডি-সহ জরুরি চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে। এর ফলে রোগীকে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে প্রাথমিক পরীক্ষা ও জরুরি চিকিৎসা প্রদান করা সম্ভব হবে। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার হলেও এর মূল উদ্দেশ্য গতি নয়, বরং দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি করা।
প্রকল্পটির পরবর্তী ধাপে কেনিয়ায় পরীক্ষামূলকভাবে অ্যাম্বুলেন্সটি চালানোর পরিকল্পনা রয়েছে। এই কাজে নির্মাতা দল আফ্রিকার স্বাস্থ্য সংস্থা ‘আমরেফ হেলথ আফ্রিকা’-এর সঙ্গে সহযোগিতা করবে। উদ্ভাবকদের প্রত্যাশা, সফলভাবে পরীক্ষিত হলে এটি আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের মানুষের জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ ব্যাপকভাবে বাড়িয়ে তুলবে এবং জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে প্রচলিত অ্যাম্বুলেন্স পরিচালনা কঠিন এমন এলাকাগুলোতে একটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করবে।

