বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জের একটি দ্বীপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক সফরের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক প্রতিক্রিয়ায় স্পষ্টভাবে জানিয়েছেন যে, পুতিনের এই সফর জাপানের কাছে ‘একেবারেই অগ্রহণযোগ্য’।
রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, প্রেসিডেন্ট পুতিন কুরিল দ্বীপপুঞ্জের ইতুরুপ দ্বীপ সফর করেছেন। জাপানে এই দ্বীপটি ‘এতোরোফু’ নামে পরিচিত। দীর্ঘ সময় ধরে এই কুরিল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ চলে আসছে।
পুতিনের এই সফর সম্পর্কে সাংবাদিকদের সামনে জাপানের প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনার ফলে জাপানের জনগণের মধ্যে রাশিয়ার প্রতি নেতিবাচক মনোভাব আরও বৃদ্ধি পেয়েছে। তাকাইচির দাবি, আন্তর্জাতিক আইন ও ঐতিহাসিকভাবে এই দ্বীপগুলো জাপানের নিজস্ব ভূখণ্ড। জাপান সরকার এই চারটি দ্বীপকে ‘উত্তরাঞ্চলীয় অঞ্চল’ হিসেবে অভিহিত করে থাকে, যদিও বর্তমানে পুরো এলাকাটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

