পিটিআইয়ের লংমার্চ সপ্তম দিনে, জরুরি অবস্থা জারির পরিকল্পনায় ক্ষুব্ধ দলটি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) রাজধানী ইসলামাবাদমুখী লংমার্চ কর্মসূচি আজ শনিবার সপ্তম দিনে গড়িয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তির দাবিতে শুরু হওয়া এই কর্মসূচি এখনো খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এর মধ্যেই প্রদেশটির ১২টি জেলায় জরুরি অবস্থা জারির কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার খবর সামনে এসেছে। কেন্দ্রীয় সরকারের এমন উদ্যোগের কড়া সমালোচনা করেছে পিটিআই। দলটির দাবি, এ ধরনের পদক্ষেপ সংবিধানের অষ্টাদশ সংশোধনীর সুস্পষ্ট লঙ্ঘন।

পিটিআইয়ের খাইবার পাখতুনখাওয়া শাখার মুখপাত্র শওকত ইউসুফজাই এক ভিডিও বার্তায় বলেন, ১২টি জেলায় আলাদা প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, যা অষ্টাদশ সংশোধনীর গুরুতর লঙ্ঘন। তিনি আরও বলেন, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে কেন্দ্রীয় সরকার বারবার জরুরি অবস্থা বা গভর্নরের শাসন জারির হুমকি দিচ্ছে। পিটিআইয়ের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন পদক্ষেপ নেওয়া হলে তাঁরা জাতীয় ও প্রাদেশিক পরিষদ থেকে পদত্যাগ করবেন।

ইউসুফজাই জানান, পিটিআই সন্ত্রাসবিরোধী লড়াইয়ে কখনো বাধা দেয়নি এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে সমর্থন দিয়ে এসেছে। তবে তিনি যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে সব অংশীজনকে আস্থায় নেওয়ার আহ্বান জানান। ইতোমধ্যে একটি সর্বদলীয় সম্মেলনে ১৫ দফা ঘোষণা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে এবং এই ঘোষণা বাস্তবায়নই সমস্যার সমাধান হতে পারে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া আগামী ১১ অক্টোবর সোয়াবিতে সমাবেশ ডাকা হয়েছে, যা সরকারের ভুল ধারণা ভেঙে দেবে বলে তিনি আশা করছেন।

জরুরি অবস্থা বা গভর্নরের শাসন সমস্যার সমাধান নয় উল্লেখ করে ইউসুফজাই সরকারকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান। তিনি ইমরান খানের কারামুক্তিসহ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নের দাবি জানান। এছাড়া রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। উত্তেজনা প্রশমনে মাওলানা ফজলুর রহমানের মধ্যস্থতার ভূমিকাকে পিটিআই স্বাগত জানাবে বলেও তিনি জানান।

এদিকে সূত্র জানিয়েছে, আজ শনিবার ইসলামাবাদে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উচ্চপর্যায়ের বৈঠকে জরুরি অবস্থা বা গভর্নরের শাসন জারির প্রস্তাব পর্যালোচনা করা হতে পারে। প্রস্তাবিত পরিকল্পনায় আটটি উপজাতীয় জেলাসহ মোট ১২টি জেলায় প্রশাসনিক ও পুলিশি ক্ষমতা কেন্দ্রীয় সরকারের অধীনে নেওয়ার কথা বলা হয়েছে। এর জন্য ২১তম গ্রেডের একজন সচিবের নেতৃত্বে বিশেষ সচিবালয় গঠনেরও পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংবিধানের ২৩২ থেকে ২৩৪ অনুচ্ছেদের প্রাসঙ্গিক বিধানগুলো খতিয়ে দেখা হবে।