ওলেশকিতে ত্রাণ পাঠাতে ভ্যাটিকানের উদ্যোগে সম্মতি পুতিনের

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের রুশ নিয়ন্ত্রণাধীন শহর ওলেশকিতে বেসামরিক নাগরিকদের জন্য জরুরি ত্রাণ ও চিকিৎসাসামগ্রী পাঠানোর বিষয়ে ভ্যাটিকানের নেওয়া উদ্যোগে সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৬ অক্টোবর) পোপ চতুর্দশ লিওর সঙ্গে টেলিফোনে আলাপকালে পুতিন এই সহায়তার বিষয়ে নিজের সম্মতি প্রকাশ করেন।

ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ওলেশকির বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কাছে জরুরি সরবরাহ পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে ভ্যাটিকানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। উভয় পক্ষই এই মানবিক কার্যক্রমে সহযোগিতার বিষয়ে একমত হয়েছে।

এর আগে শুক্রবার ভ্যাটিকান কর্তৃপক্ষ জানায়, পোপ লিও ওলেশকির বেসামরিক নাগরিকদের জন্য খাদ্য ও প্রাথমিক চিকিৎসাসামগ্রী প্রবেশের সুযোগ দিতে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি তিনি শহরটির সাধারণ নাগরিকদের স্বেচ্ছায় নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধও করেছিলেন।

বর্তমানে ওলেশকি শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও ইউক্রেনীয় বাহিনী এটি পুনর্দখলের চেষ্টা চালাচ্ছে। শহরটিতে ত্রাণ পৌঁছানোর পথে বাধা দেওয়ার জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দায়ী করে আসছে। যুদ্ধের মধ্যে আটকে পড়া বেসামরিক নাগরিকদের কাছে জরুরি খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়া এবং তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভ্যাটিকানের এই মানবিক উদ্যোগে রাশিয়ার সম্মতি বাস্তবে কতটা সহায়তা নিয়ে আসে, তা এখন দেখার বিষয়।