নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে ৫৭৯

নেপালে ভয়াবহ ভূমিধস ও বন্যার তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে নিখোঁজ মানুষের সংখ্যা প্রায় ২ হাজারে পৌঁছেছে, যা বর্তমানে ১ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। হিমালয় অঞ্চলে এই দুর্যোগে অন্তত ৯৩ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এর আগে বন্যার পানিতে একটি হ্রদ উপচে পড়ার আশঙ্কায় উদ্ধারকাজ সাময়িকভাবে তিন ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শুক্রবার পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার হিমবাহ ধসে পাহাড়ি নদীগুলোতে পাথর, বরফ ও কাদার বিশাল স্রোত নেমে আসে। এতে নেপালে ৫৭৯ জনের মৃত্যুর পাশাপাশি চীনের তিব্বতে পাঁচজন প্রাণ হারিয়েছেন। তিব্বতের গিয়েরং কাউন্টিতে অন্তত ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক।

নেপালের লেন্দে খোলা ও ত্রিশূলী নদীতে হ্রদের পানি উপচে পড়লে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে চীনা উদ্ধারকর্মী ও যানবাহন সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দুই দেশই উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নেপালি কর্মকর্তারা এখনো নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা করছেন। এছাড়া আরও দুটি প্রাকৃতিক বাঁধে আটকে থাকা হ্রদের পানি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ, কারণ পানি পুরোপুরি না নামা পর্যন্ত বন্যার ঝুঁকি রয়ে গেছে। উপগ্রহের ছবিতে একটি হ্রদের আকার বাড়তে দেখা গেছে।

বন্যায় নেপালের বিভিন্ন গ্রাম, উপত্যকা, বিদ্যুৎকেন্দ্র, সড়ক ও সেতু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কাঠমান্ডু থেকে তিব্বতের লাসা যাওয়ার প্রধান পথটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি, যাদের অনেকের পরিচয় ভারতের তীর্থযাত্রী হিসেবে পাওয়া গেছে, যারা কৈলাস পর্বত ও মানস সরোবরের উদ্দেশে যাচ্ছিলেন। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ নেপালে উদ্ধারকারী দল পাঠানোর আগ্রহ দেখালেও কাঠমান্ডু জানিয়েছে, আপাতত বিদেশি উদ্ধারকারী দলের সহায়তা প্রয়োজন নেই।