লেবাননের পার্লামেন্টে বহুল প্রতীক্ষিত সাধারণ ক্ষমা আইন পাস করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত পার্লামেন্টের অধিবেশনে এই আইনটি অনুমোদন পায়। এই আইনি পদক্ষেপের ফলে হাজার হাজার বন্দি ও পলাতক ব্যক্তি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল এই আইন পাসের জন্য দাবি জানিয়ে আসছিল। মূলত কারাগারগুলোতে বন্দির অতিরিক্ত চাপ কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে বহু বন্দি বছরের পর বছর ধরে বিচারের অপেক্ষায় কারাবন্দি রয়েছেন। লেবাননের পার্লামেন্ট স্পিকারের কার্যালয় থেকে এক ঘোষণায় জানানো হয়েছে যে, এই আইনের অধীনে সাধারণ ক্ষমা প্রদান এবং নির্দিষ্ট কিছু সাজার মেয়াদ ব্যতিক্রমীভাবে কমানোর সুযোগ তৈরি হয়েছে।
তবে এই আইনের আওতায় ঠিক কতজন মানুষ উপকৃত হবেন, সে বিষয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। প্রসঙ্গত, ২০২৪ সালে সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদের পতনের পর থেকেই সাধারণ ক্ষমার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। কারণ, লেবাননের অনেক বন্দি সিরিয়ার গৃহযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কারারুদ্ধ ছিলেন।
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১০: ৫৩আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১০: ৫৮

