ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গতকাল মঙ্গলবারের নির্বাচনে বুথফেরত জরিপে কোনো রাজনৈতিক দল কিংবা জোটের একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের একক সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই নিশ্চিত করতে না পারায় দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের বরাতে আল–জাজিরার খবরে জানা যায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫২টি আসনে জিতেছে। সাবেক সেনাপ্রধান ও ইয়াশার নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৯টি আসন। এছাড়া আরব লিস্ট জিতেছে ১৯টি আসনে।
এই ফলাফল ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের লক্ষ্যে কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে রাজনৈতিক দর–কষাকষির পথ উন্মুক্ত করেছে। নেসেটে দীর্ঘস্থায়ী অচলাবস্থার কারণে ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২০ সালের মার্চের মধ্যে ইসরায়েলিদের তিনটি নির্বাচনে ভোট দিতে হয়েছিল, যার ফলে নেতানিয়াহু ও তাঁর তৎকালীন প্রধান প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজের মধ্যে একটি ক্ষমতা ভাগাভাগির চুক্তি হয়েছিল। এবার আরব-নেতৃত্বাধীন দলগুলো অভাবনীয় ফল করেছে। এসব দল কোনো জোটেরই অংশ নয়, তবে অন্য দলগুলো যদি তাদের সঙ্গে জোট গড়তে রাজি হয়, তবে তারা সরকার গঠনের ক্ষেত্রে ‘কিংমেকার’ হয়ে উঠতে পারে।
নির্বাচনী ফলাফল নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা প্রতিক্রিয়া। গাদি আইজেনকট বলেন, নেতানিয়াহুর প্রতি মানুষের ‘আস্থার সংকট’ বুথফেরত জরিপে স্পষ্ট হয়েছে। বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ দাবি করেন, নেতানিয়াহুর জোট ‘শোচনীয় পরাজয়ের’ মুখোমুখি হয়েছে। তবে লিকুদ পার্টির রাজনীতিবিদ ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বিরোধীপক্ষের এমন মন্তব্যকে ‘আগাম উদ্যাপন’ বলে অভিহিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, লিকুদ ইসরায়েলের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং অতীত থেকে শিক্ষা নেওয়া ভালো।
ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক এহাব জাবারিন বলেন, নেতানিয়াহু চূড়ান্ত বিজয়ী হয়েছেন কিংবা তাঁর রাজনৈতিক জীবনের ইতি ঘটেছে—কোনোটা বলার সময়ই এখনো আসেনি। তিনি আরও বলেন, একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় যদি কোনো পক্ষই সরকার গঠন করতে না পারে, তবে আলোচনা চলাকালে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে ক্ষমতায় থেকে যেতে পারেন। বুধবার জেরুজালেমে নিজ দলের সমর্থকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, লিকুদ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং তারা একটি শক্তিশালী নতুন জাতীয় সরকার গড়বে।
ইসরায়েলের নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী ৪ নভেম্বর। এরপর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ডেকে জানতে চাইবেন তাঁরা কাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। প্রেসিডেন্ট এমন এক প্রার্থীকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন, যাঁর সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে তিনি মনে করবেন। সরকার গঠনের জন্য প্রেসিডেন্টের আমন্ত্রণ পাওয়ার পর ওই নেতা শুরুতে ২৮ দিন সময় পাবেন। প্রেসিডেন্ট চাইলে এ সময় আরও ১৪ দিন বৃদ্ধি করতে পারেন। এই সময়ের মধ্যে বিভিন্ন দল নিজেদের নীতিগত দাবি আদায় বা মন্ত্রীর পদ পাওয়া নিয়ে দর–কষাকষি করবে।
যদি কোনো প্রার্থী নেসেটে ৬১টি আসন নিয়ে জোট গঠন করতে ব্যর্থ হন, তাহলে তিনি ছোট দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে সংখ্যালঘু সরকার গঠনের চেষ্টা করতে পারেন অথবা পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী পরিবর্তনের শর্তে ক্ষমতা ভাগাভাগির সমঝোতাও হতে পারে। নতুন সরকারকে শপথ নিতে হলে পার্লামেন্টে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আস্থা ভোটে জয়ী হতে হবে। প্রেসিডেন্ট যাঁকে সরকার গঠনের আহ্বান জানাবেন, তিনি ব্যর্থ হলে প্রেসিডেন্ট নেসেটের অন্য আরেকজন সদস্যকে নতুন করে সরকার গঠনের আহ্বান জানাবেন। তিনিও নিয়ম মেনে ২৮ দিন সময় পাবেন। নতুন মনোনীয়ত এই প্রার্থীও ব্যর্থ হলে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় কোনো প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবেন, যিনি সরকার গড়তে ১৪ দিন সময় পাবেন। এরপরও অচলাবস্থা বজায় থাকলে নেসেট ভেঙে দেওয়া হবে এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

