ইসরায়েলি সামরিক অভিযানে বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্ত লেবাননের নাগরিকদের সহায়তার উদ্দেশ্যে হিজবুল্লাহর কাছে ২০ কোটি মার্কিন ডলার পাঠিয়েছে ইরান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কঠোর আর্থিক নজরদারির নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও গত মাসে এই বিপুল পরিমাণ অর্থ লেবাননে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অর্থ স্থানান্তরের সঙ্গে সরাসরি যুক্ত দুটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হিজবুল্লাহ-সমর্থিত পরিবারগুলোর জন্য এটি এখন পর্যন্ত অন্যতম বড় সরাসরি আর্থিক সহায়তার ঘটনা। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে তেহরান থেকে হিজবুল্লাহর কাছে অর্থ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও সেই বাধা এড়িয়েই অর্থটি লেবাননে পৌঁছানো হয়েছে।
অর্থ স্থানান্তরের প্রক্রিয়ার সঙ্গে জড়িত মধ্যস্থতাকারীরা ঝুঁকির কারণে অস্বাভাবিক উচ্চ হারে কমিশন নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিজবুল্লাহর একজন দায়িত্বশীল প্রতিনিধি ইরান থেকে আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিরাপত্তাজনিত কারণে অর্থের উৎস, স্থানান্তরের পদ্ধতি কিংবা কোন মাধ্যমে এই অর্থ লেবাননে পৌঁছেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি। অর্থের গতিপথ প্রকাশ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও নেটওয়ার্কগুলো বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রাপ্ত এই অর্থের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত পরিবারগুলোর মধ্যে নগদ সহায়তা হিসেবে বিতরণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার পরিবারকে পরিবারপ্রতি ৩ হাজার মার্কিন ডলার দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইসরায়েলি সামরিক অভিযানে যেসব পরিবারের বাড়িঘর বা পুরো গ্রাম ধ্বংস হয়েছে, তাদের এই সহায়তায় অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া যেসব এলাকা এখনো সামরিক উপস্থিতির কারণে বসবাসের অনুপযোগী হয়ে রয়েছে, সেসব এলাকার বাসিন্দারাও এই সহায়তার আওতায় আসবেন।

