যুক্তরাষ্ট্র থেকে ইতিবাচক বার্তা পাওয়ার ইঙ্গিত দিলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাম্প্রতিক সময়ে কিছু ইতিবাচক বার্তা পাওয়ার ইঙ্গিত দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কারেম গরিবাবাদি। তবে তিনি স্পষ্ট করেননি যে এই বার্তাগুলোর ধরন কী বা ঠিক কোন পর্যায় থেকে এগুলো আসছে।

তেহরান-ভিত্তিক সাংবাদিক ওয়েসাম বাহরানির ভাষ্যমতে, বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টরের সংখ্যা কমে আসছে বলে খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে চলমান আলোচনার বর্তমান অবস্থা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাহরানি জানান, এই প্রশ্নের উত্তর এসেছে উপ-পররাষ্ট্রমন্ত্রী কারেম গরিবাবাদির কাছ থেকে। তিনি নিশ্চিত করেছেন যে ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু বার্তা পাচ্ছে এবং এগুলো ইতিবাচক। তবে বার্তার বিস্তারিত উৎস বা প্রকৃতি সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাংবাদিক বাহরানি আরও উল্লেখ করেন যে, এই আলোচনা এগিয়ে নেওয়ার জন্য ইরানকে প্রথমে ওমানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়টি চূড়ান্ত করতে হবে। সেখানে একটি সুনির্দিষ্ট চুক্তি সম্পন্ন হওয়ার পাশাপাশি হরমুজ প্রণালী ও ইরানের নতুন সীমানা নির্ধারণের বিষয়টিও নিষ্পত্তি করা প্রয়োজন।