যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) তেহরানের বৈদেশিক সম্পর্কের ‘মূল ভিত্তি’ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। টিআরটি ওয়ার্ল্ডের খবরে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, এই সমঝোতা স্মারকটি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যদের সম্মিলিত বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার ফসল। তিনি নিশ্চিত করেছেন যে, কাউন্সিলের সব সদস্য এই বিষয়ে একমত পোষণ করেছেন।
ভবিষ্যৎ পররাষ্ট্র সম্পর্কের বিষয়ে নিজের বিশ্বাসের কথা তুলে ধরে পেজেশকিয়ান বলেন, আমি বিশ্বাস করি, এই সমঝোতা স্মারক ভবিষ্যতে আমাদের পররাষ্ট্র সম্পর্কের ভিত্তি হয়ে উঠবে।
প্রেসিডেন্ট আরও বলেন, শত্রু পক্ষকে তারা যে বিষয়ে স্বাক্ষর করেছে, তা মানতে বাধ্য করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এই সমঝোতা ইরান, সংশ্লিষ্ট অঞ্চল এবং মিত্র দেশগুলোর নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

