ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে যৌথ নৌপথ চালুর বিষয়ে আগামী সোমবার ওমানের রাজধানী মাসকাটে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির বিষয়ে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানান, সোমবার মাসকাটে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকেই ইরান ও ওমানের মধ্যে যৌথ নৌপথ প্রতিষ্ঠার চুক্তিটি সই হবে। তিনি আরও জানান, যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, সেসব দেশের প্রতিনিধিরাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন।
যুক্তরাষ্ট্রের সামরিক ব্যর্থতার পর ওয়াশিংটন বর্তমানে অর্থনৈতিক চাপের কৌশল গ্রহণ করেছে বলে মন্তব্য করেন পেজেশকিয়ান। তবে তিনি জোর দিয়ে বলেন, এসব অর্থনৈতিক চাপ দিয়ে ইরানকে থামানো সম্ভব নয়। ইরানের টিকে থাকা কেবল সমুদ্রপথের ওপর নির্ভরশীল নয় বলেও তিনি উল্লেখ করেন। মার্কিন নৌ অবরোধ ও হামলা বন্ধ হলে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে বলে তিনি জানান।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার জানিয়েছিলেন, সোমবার ওমান আটটি উপসাগরীয় দেশকে নিয়ে একটি আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করছে। সেখানে আঞ্চলিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ নৌপথ নির্ধারণে ইরান-ওমান আলোচনার ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

