লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত

লারাক দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ নিতে জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। অন্যদিকে, জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে।

ইরানের সংবাদমাধ্যমগুলো আইআরজিসির দেওয়া একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে জর্ডানের কিং হোসেন ও আল–আজরাক ঘাঁটিতে এই সফল অভিযান চালানো হয়। আইআরজিসি এই হামলাকে ‘আগ্রাসী শক্তির জন্য উপযুক্ত শাস্তি’ বলে অভিহিত করেছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, এই হামলায় শত্রুপক্ষের কারিগরি ও প্রযুক্তিগত অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার শত্রুতামূলক চেষ্টা কোনোভাবেই সফল হবে না। যেকোনো আগ্রাসনের বিপরীতে ভবিষ্যতে আরও বেশি বিধ্বংসী জবাব দেওয়া হবে।

এর আগে, রোববার দিনের বেলা হরমুজ প্রণালির কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের লারাক দ্বীপে হামলা চালায় মার্কিন বাহিনী। এক মাসেরও বেশি সময় পর ইরানি ভূখণ্ডে এটিই ছিল প্রথম কোনো মার্কিন হামলা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালিতে রকেটের সাহায্যে মাইন স্থাপনের প্রস্তুতি নেওয়ার সময় লারাক দ্বীপে ওই হামলা চালানো হয়। মার্কিন বাহিনী সেখানে ইরানের দুটি রকেট লঞ্চার লক্ষ্য করে আঘাত হানে। ওই হামলায় সামরিক ও বেসামরিক লোকজনের হতাহত হওয়ার খবর জানিয়ে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল আইআরজিসি।