হরমুজ প্রণালিতে চলাচলকারী ১৯টি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে ইরান। দেশটির দাবি অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় অর্থাৎ গত দুই রাতে এসব জাহাজের ওপর এই হামলা চালানো হয়। এসব জাহাজ হরমুজ প্রণালির নিয়ম লঙ্ঘন করে চলাচল করার চেষ্টা করছিল বলে জানিয়েছে ইরান। ফারস নিউজের তথ্যমতে, এই ১৯টি জাহাজের মধ্যে প্রথম রাতে ১২টি এবং দ্বিতীয় রাতে সাতটি জাহাজে হামলা চালানো হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্রের একটি মানববিহীন ডুবোযান জব্দ করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, জব্দ করা যানটি ‘রেমাস ৬০০’ মডেলের একটি অত্যাধুনিক পানির নিচে চলাচলকারী যান। আইআরজিসি দাবি করেছে, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বিত অভিযানের মাধ্যমে ডুবোযানটিকে আটক করা সম্ভব হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে প্রকাশ্যে দাবি করে আসছেন, ঠিক সেই সময়েই এসব হামলার ঘটনা ঘটল। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের এই দাবির বিপরীতে তাদের এই অভিযানকে একটি কড়া বার্তা হিসেবে দেখছেন। তারা সতর্ক করে বলেছেন, ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করা হলে তা সশস্ত্র প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। এছাড়া ইরানের সেনাবাহিনী বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানকে অত্যন্ত নাজুক বলে মন্তব্য করেছে।

