ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশে একটি বিশেষ অভিযান পরিচালনা করে চারটি সংঘবদ্ধ চক্রের ৩১ সদস্যকে গ্রেপ্তার করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সিরজান কাউন্টিতে চলমান অভিযানের অংশ হিসেবেই এই ব্যক্তিদের শনাক্ত ও আটক করা সম্ভব হয়েছে।
গোয়েন্দা মন্ত্রণালয়ের দাবি, আটককৃতরা ইরানের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল। চক্রগুলো তরুণ ও কিশোরদের নিজেদের দলে ভেড়াতে বিভিন্ন নাম ব্যবহার করত এবং তাদের প্রত্যেকের জন্য সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্মপরিকল্পনা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির ডাক এলে তারা যেন সক্রিয়ভাবে অংশ নিতে পারে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছিল।
অভিযোগে আরও বলা হয়েছে, সন্দেহভাজনরা নাশকতার প্রস্তুতির অংশ হিসেবে বিপুল পরিমাণ পেট্রলবোমা তৈরি এবং নগর এলাকার নজরদারি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংসের জন্য প্রয়োজনীয় উপকরণ মজুদ করেছিল। জানুয়ারির শুরুতে দেশটিতে চলা অস্থিরতার সময় এই ব্যক্তিরা ব্যাপক সহিংসতা ও ভাঙচুরে লিপ্ত ছিল বলে গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে। সে সময় গভর্নরেট ভবনে আগুন দেওয়া, ব্যাংক ও সরকারি কার্যালয়ে হামলা, সরকারি-বেসরকারি সম্পত্তি ধ্বংস এবং অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে পুলিশ স্টেশনে হামলার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তবে গ্রেপ্তারকৃতদের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য বা স্বাধীন কোনো সূত্রের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

