গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি। তাঁর অভিযোগ, গাজা চুক্তির আওতায় ইসরায়েল যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো পূরণ করা হচ্ছে না। বরং নেতানিয়াহু ও তাঁর উগ্র ডানপন্থী সরকারের রাজনৈতিক স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়া হচ্ছে।
কাতারের প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, গাজা চুক্তি লঙ্ঘনের বেশ কিছু ঘটনা ইতোমধ্যে ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছেন। তবে এসব অভিযোগ সত্ত্বেও মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে চুক্তির শর্তগুলো মানাতে এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে অনীহার অভিযোগ করেছিলেন। তাঁর দাবি অনুযায়ী, একই সময়ে গাজায় অব্যাহত প্রাণহানি ঘটছে এবং উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে। গাজা যুদ্ধ ও সংশ্লিষ্ট চুক্তিগুলোতে কাতার অন্যতম মধ্যস্থতাকারী দেশ হওয়ায়, চুক্তির বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর এমন কঠোর বক্তব্য চলমান শান্তি প্রচেষ্টায় ইসরায়েলের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

