ভিসা অব্যাহতি ও শিক্ষা সহযোগিতায় কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার চুক্তি

কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কম্বোডিয়া ও ক্রোয়েশিয়া নতুন দুটি চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কম্বোডিয়ার পক্ষে স্বাক্ষর করেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন। ক্রোয়েশিয়ার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সফররত দেশটির পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী গোরদান গ্রলিচ রাদমান।

চুক্তি সইয়ের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বৈঠকে তারা কম্বোডিয়া ও ক্রোয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ঘনিষ্ঠ সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। এ বছর দুই দেশ তাদের কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তি উদ্‌যাপন করছে। বৈঠকের আলোচনায় গত তিন দশকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র যে আরও বিস্তৃত হয়েছে, তা বিশেষভাবে উঠে আসে।

নতুন এই চুক্তি দুটির মাধ্যমে কূটনৈতিক পাসপোর্টধারীদের যাতায়াত প্রক্রিয়া সহজতর হবে এবং কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও জোরদার হবে বলে উভয় পক্ষই আশা প্রকাশ করেছে।