নেপালে বন্যায় ভেসে আসা মরদেহ থেকে দুল চুরির অভিযোগে গ্রেপ্তার ২

নেপালে ভয়াবহ বন্যার মধ্যে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে স্বর্ণের দুল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। নারায়ণী নদী থেকে মরদেহটি উদ্ধারের সময় এই অমানবিক চুরির ঘটনাটি ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।

পুলিশ ভিডিওটি পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে। নেপালের সংবাদমাধ্যম খবরহাব পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি কাঠের পাটাতন ও ওই নারীর চুলের ওপর ভর করে মরদেহটি টেনে পানির মধ্য থেকে ওপরে তুলছেন। এ সময় দুই ব্যক্তি মরদেহটির দুই কান থেকে দুল খুলে নিয়ে পাশে সরিয়ে রাখেন। দৃশ্যটি আশপাশে থাকা কয়েকজন মুঠোফোনে ধারণ করেন।

চিতওয়ান পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে যে, ভয়াবহ বন্যার পানিতে ভেসে নারায়ণী নদীতে চলে আসা মরদেহটি উদ্ধারের সময়ই এই ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণের পর পুলিশ ২৫ বছর বয়সী মাদান গুরুঙ ও ৩৮ বছর বয়সী উমেশ চৌধুরীকে শনাক্ত করে। বৃহস্পতিবার চিতওয়ান জেলার ভরতপুর মহানগরীর-১ এলাকার পোখারা বাস পার্কের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্যোগের মতো এমন সংকটময় সময়ে বন্যার্ত মানুষের সম্পদ লুট কিংবা ভুক্তভোগীদের লক্ষ্য করে কোনো ধরনের অমানবিক কর্মকাণ্ড তারা কোনোভাবেই বরদাশত করবে না।