আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেইয়ের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে। শিক্ষা খাতে বাজেট ছাঁটাই, শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৃত্তির সংকট এবং গবেষণার সুযোগ কমে যাওয়ার বিরুদ্ধে রাজপথে নেমেছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা। রাজধানী বুয়েনস এইরেসে বৃহস্পতিবার এক বড় বিক্ষোভ ও সাধারণ ধর্মঘটের আহ্বানে শহরের কেন্দ্রীয় এলাকার যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। এ সময় কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ, অন্যদিকে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করেন। এতে নিরাপত্তাকর্মীসহ কয়েকজন আহত হন এবং পুলিশ অন্তত ২৫ জনকে আটক করে।
আন্দোলনের অংশ হিসেবে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদের একটি ভবন এক দিনের জন্য নিজেদের নিয়ন্ত্রণে নেন শিক্ষার্থীরা। ভবনে সরকারের নীতির বিরুদ্ধে ব্যানার টাঙিয়ে তারা ‘এভাবে আর চলতে পারে না’ বলে স্লোগান দেন। বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করছেন তারা। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী এমিলিয়ানো গাতো জানান, সামান্য বেতনে মৌলিক চাহিদা মেটাতে না পেরে অনেক মেধাবী শিক্ষক বেসরকারি প্রতিষ্ঠানে চলে যাচ্ছেন। সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণা করার ইচ্ছা থাকা সত্ত্বেও বর্তমান প্রেক্ষাপটে নিজের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন বলে উল্লেখ করেন তিনি।
অনুরূপ অভিজ্ঞতা ব্যক্ত করেছেন রসায়ন অনুষদের অধ্যাপক মারিয়া তেরেসা দে হেসুস। তিনি জানান, মাসে প্রায় ৭০০ ডলার আয় করেও বর্তমান পরিস্থিতিতে সংসার চালাতে তাকে হিমশিম খেতে হচ্ছে। শিক্ষকতা ও গবেষণার পেশা ভালোবাসলেও দাবি আদায়ে রাজপথে নামা ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প ছিল না। দেশের সার্বিক অগ্রগতির জন্য সরকারি শিক্ষাব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সরকার বিষয়টিকে টানা উপেক্ষা করছে বলে তিনি অভিযোগ করেন।
২০২৩ সালে ক্ষমতায় আসার পর থেকেই কঠোর ব্যয় সংকোচন নীতি বাস্তবায়ন করছেন প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই। তার প্রশাসন সরকারি খাতের হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি একাধিক মন্ত্রণালয় বন্ধ করে দিয়েছে এবং সরকারি কর্মসূচি ও ভর্তুকিতে কাটছাঁট করেছে। এর ফলে দেশটির মাসিক মূল্যস্ফীতি কমে প্রায় ২ শতাংশে নেমে এলেও সরকারি শিক্ষা, প্রতিবন্ধীদের কল্যাণ ও পেনশনসহ নাগরিক সেবার খাতগুলোতে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক ওয়াশিংটন সফরে মাইলেই দাবি করেন, টানা ২৭ মাস ধরে দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি বজায় রয়েছে এবং তা ঐতিহাসিক গড়ের চার গুণ গতিতে এগোচ্ছে। তবে বিরোধীদের দাবি, অর্থনৈতিক উন্নতির প্রচারণা চালানো হলেও প্রকৃতপক্ষে সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা বাড়িয়ে দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন ও প্রতিবন্ধীদের জরুরি সুরক্ষার লক্ষ্যে গত বছর আর্জেন্টিনার কংগ্রেসে একটি আইন পাস করা হয়েছিল। প্রেসিডেন্ট মাইলেই সেই আইনে ভেটো দিলেও পরবর্তীতে কংগ্রেস তার ভেটো অগ্রাহ্য করে তা অনুমোদন দেয়। তবে অর্থের সুনির্দিষ্ট উৎস উল্লেখ করা হয়নি—এমন যুক্তিতে আইনটি বাস্তবায়ন আটকে রেখেছে সরকার। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের বেতন-বৃত্তি পুনর্প্রতিষ্ঠা, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেট হালনাগাদ করা এবং গবেষণা, অবকাঠামো ও হাসপাতালের জন্য অর্থ বরাদ্দের দাবি জানানো হচ্ছে। আদালতের নির্দেশ পুরোপুরি না মানায় আর্জেন্টিনার একটি ফেডারেল আদালত সরকারকে প্রতিদিন ১ লাখ পেসো (প্রায় ৭০ ডলার) করে জরিমানা করার আদেশ দিয়েছেন।
বর্তমান অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আর্জেন্টিনার সমাজে স্পষ্ট মেরুকরণ দেখা দিয়েছে। সরকারের সমর্থকেরা আশা করছেন, দেশের প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারে নতুন কর্মসংস্থান তৈরি হবে, জীবনযাত্রার মান উন্নত হবে এবং মানুষের বেতন বৃদ্ধি পাবে। অন্যদিকে সমালোচকদের মতে, হাভিয়ের মাইলেইয়ের এসব নীতির সুফল ভোগ করছে সমাজের কেবল প্রভাবশালী ও বিত্তবান গোষ্ঠী, আর ছাঁটাই ও কাটছাঁটের তীব্র ধাক্কা সামলাতে হচ্ছে সাধারণ মানুষকে।
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৮: ৪৯আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৮: ৫১

