দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন রোগী। এর মাধ্যমে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৮ জনে এবং মোট হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া ডেঙ্গুবিষয়ক নিয়মিত পরিসংখ্যান বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫১২ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর হাসপাতালে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের প্রথম ২১ দিনেই ডেঙ্গুতে ১২৪ জন রোগীর মৃত্যু ঘটেছে। এর আগে সেপ্টেম্বরে এক মাসে সর্বোচ্চ ১৪৮ জন মারা যান। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুায়রি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু রেকর্ড করা হয়।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৫০৭ জন নতুন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৯৪ জন, বরিশালে ২৩১ জন, খুলনায় ২০৬ জন এবং রাজশাহীতে ১৬২ জন রোগী ভর্তি হন। পাশাপাশি ময়মনসিংহে ৬০ জন, রংপুরে ৪৪ জন এবং সিলেট বিভাগে আটজন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠার ধারাবাহিকতাও রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৫৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ১১১১ জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪৫৫ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ১২ হাজার ১১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।