স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রের ব্লকের চিকিৎসায় সফলভাবে দুটি রিং বা স্টেন্ট পরানো হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে বিকাল সাড়ে ৪টার দিকে এই চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।
এর আগে শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন এবং এনজিওগ্রাম করেন। এনজিওগ্রাম পরীক্ষায় তার হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রবিবার তার দুটি ব্লকে রিং পরানো হয়। এছাড়া অপর ব্লকটি ডায়ালেশন বা বেলুন পদ্ধতিতে রক্তনালি প্রসারিত করার মাধ্যমে চিকিৎসা করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার পবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এই চিকিৎসা কার্যক্রমটি প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের দল সফলভাবে সম্পন্ন করেছেন। উল্লেখ্য, বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

