আগামী পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা কমার পূর্বাভাস আবহাওয়া অফিসের

চলতি সপ্তাহে সারা দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তা আগের তুলনায় হ্রাস পাওয়ায় ভারী বৃষ্টির দাপটও কমেছে। তবে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সোমবার (৩ আগস্ট) দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তবে আগামী পাঁচ দিনে সারা দেশেই বৃষ্টির প্রবণতা ক্রমান্বয়ে কমে আসতে পারে।