শাড়িকাণ্ড নিয়ে মুখ খুললেন তানজিন তিশা, অভিযোগ অস্বীকার

২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়িকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণার মামলায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে তিশা জানান, শাড়িটি কেনার বিষয়ে তার প্রাথমিক ইচ্ছা থাকলেও পরে সংশ্লিষ্ট পক্ষের অনুরোধেই তিনি সেটি উপহার হিসেবে গ্রহণ করেছিলেন।

অভিনেত্রীর ভাষ্যমতে, ভক্ত এবং বিভিন্ন অনলাইন পেজ থেকে তিনি নিয়মিত উপহার পেয়ে থাকেন এবং কৃতজ্ঞতাস্বরূপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা স্টোরি প্রকাশ করেন। আলোচিত শাড়িটির ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল। তানজিন তিশা জানান, পরিচিত এক বড় বোনের মাধ্যমে সংশ্লিষ্ট এক আইনজীবীর সঙ্গে তার প্রায় ২০ মিনিট কথা হয় এবং ওই ব্যক্তিই তাকে শাড়িটি উপহার হিসেবে নেওয়ার জন্য অনুরোধ করেন।

তিশা দাবি করেন, ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকায় শাড়িটি পরে ছবি তোলার সুযোগ পাননি। এমনকি ছবি তোলার প্রস্তুতি হিসেবে তিনি ব্লাউজও তৈরি করে রেখেছিলেন। এর মধ্যে শাড়িটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্টোরিও দিয়েছিলেন তিনি। তার অভিযোগ, এসব বিষয় নিয়ে কোনো আলোচনা না করেই হঠাৎ তাকে প্রতারণার দায়ে অভিযুক্ত করে সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে তার ব্যক্তিগত সম্মানহানি ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে তিনি মনে করেন।

ঘটনাটি তার ক্যারিয়ারের জন্য অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে অভিনেত্রী বলেন, এর পেছনে চলচ্চিত্র অঙ্গনের কোনো বিরোধ বা প্ররোচনা থাকতে পারে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি আরও বলেন, তার সঙ্গে কথা বলে বিষয়টি জানলে প্রকৃত চিত্রটি সামনে আসত। এদিকে, ২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা এই মামলায় মঙ্গলবার তানজিন তিশার জামিনের মেয়াদ বৃদ্ধি করেছেন আদালত এবং অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।