শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে কবি মোহন রায়হানের ৭০তম জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের মূল্যায়ন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন, নৃত্যনাট্য, গান ও আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা ছিল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মণি। তিনি কবি মোহন রায়হানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, দেশের সাহিত্যাঙ্গনে অবদানের জন্য তার মতো কবির উপস্থিতি অত্যন্ত জরুরি। তিনি আরও কবিতা লিখে দেশের সাহিত্যে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক, লেখক ও গবেষক ড. সলিমুল্লাহ খান। তিনি বলেন, বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের সঙ্গে মোহন রায়হানের জীবন ও কর্ম ওতপ্রোতভাবে জড়িত। তার সৃজন ও সংগ্রামের মূল্যায়ন এবং নতুন প্রজন্মের কাছে তার জীবনাদর্শ ও সাহিত্যকর্ম পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ, কবি মতিন বৈরাগী, সাংবাদিক আবু সাইদ খান এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তার বক্তব্যে বলেন, কবিরা না থাকলে এই পৃথিবী বাসযোগ্য হতো না। কবি মোহন রায়হান আমাদের সমাজ বিনির্মাণের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানের শুরুতে একঝাঁক তরুণ সংগীতশিল্পীর উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর কবি মোহন রায়হানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘অগ্নিপথের কবি’ প্রদর্শিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবির সংবর্ধনা গ্রন্থ এবং ‘নির্বাচিত ১০০ কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

