লাদাখে শুটিং শেষ করে নস্টালজিক দেব-শুভশ্রী, প্রকাশ্যে নতুন ভিডিও

টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব প্রথমবার পরিচালক হিসেবে কাজ করছেন তার নতুন সিনেমা 'দেশু ৭'-এ। এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনার দায়িত্বও সামলাচ্ছেন তিনি। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে ফের পর্দায় জুটি বেঁধেছেন দেব ও শুভশ্রী। তাদের এই নতুন রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন বাংলা সিনেমার দর্শকরা।

সম্প্রতি লাদাখে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। শুটিং শেষ হওয়ার পর এই তারকা জুটি একটি বিশেষ ভিডিও তৈরি করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ভিডিওটিতে অনেক বছর আগে মুক্তি পাওয়া ব্যবসাসফল সিনেমা 'রোমিও'-এর সুপারহিট গান 'কবে আইবে আমার পালা রে'-এর তালে নাচতে দেখা গেছে দেব, শুভশ্রী এবং কিছু পার্শ্বশিল্পীকে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে লাদাখের মনোরম সৌন্দর্য ফুটে উঠেছে এবং ড্রোন শটের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে ভিডিওটি পোস্ট করে শুভশ্রী লিখেছেন, কৃতজ্ঞতা, গর্ব ও কিছুটা আবেগে ভরা হৃদয় নিয়ে আমরা 'দেশু ৭' সিনেমার শুটিং শেষের ঘোষণা দিচ্ছি। যারা এই সিনেমায় নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। শুটিং হয়তো শেষ, তবে সিনেমাটি নিয়ে আমাদের মূল যাত্রা কেবল শুরু হলো। এই পূজায় প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে।

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনরা তাদের শৈশব ও সোনালি স্মৃতির কথা উল্লেখ করে আবেগ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন এটি পুরোনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে, আবার কেউ একে 'চাইল্ডহুড ইমোশন' হিসেবে অভিহিত করেছেন।