ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সিনেমা মুক্তির দীর্ঘদিনের ঐতিহ্যের বাইরে এবার দুর্গাপূজাকেও চলচ্চিত্রের অন্যতম বড় উৎসব হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন দেশের নির্মাতা ও প্রযোজকরা। সেই ধারাবাহিকতায় এবারের পূজার সিনেমা হিসেবে যুক্ত হয়েছে ‘চিরকুট’। নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। উৎসবের আমেজকে সামনে রেখে আজ সন্ধ্যায় সিনেমাটির প্রথম টিজার প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত টিজারটিতে খাঁটি বাঙালিয়ানা, নস্টালজিয়া এবং আবেগঘন এক গল্পের আভাস পাওয়া গেছে। ‘একটি বিশুদ্ধ বাংলা সিনেমা’ স্লোগানকে সামনে রেখে নির্মাতারা বাংলা চলচ্চিত্রের নিজস্ব ঐতিহ্য ও দেশীয় সংস্কৃতিকে দর্শকদের সামনে তুলে ধরার প্রয়াস চালিয়েছেন। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় প্রেম, তারুণ্য এবং সোনালী স্মৃতির সময়গুলো কীভাবে চিত্রায়িত হয়েছে, তা নিয়ে দর্শকদের মনে আগ্রহ তৈরি করেছে টিজারটি। সিনেমাটির নির্মাতা মুনতাসীর আকিব জানিয়েছেন, আগামী ১৬ অক্টোবর থেকে দেশের বিভিন্ন সিনেপ্লেক্সগুলোতে ‘চিরকুট’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, পুরো পরিবার নিয়ে একসঙ্গে দেখার উপযোগী করেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে।
এর আগে গত বুধবার মুক্তি পেয়েছে সিনেমাটির একটি রোমান্টিক গান, যার শিরোনাম ‘প্রেমে গেলাম ডুবে’। রেহান রাসুলের কণ্ঠে গাওয়া এই গানটির কথা লিখেছেন গীতিকার পুলক অনিল এবং এর সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাতুল হাসান শান্ত। নব্বইয়ের দশকের প্রেম ও নস্টালজিয়ার আবহ ধরে তৈরি এই গানের ভিডিওতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা ও আজিজুন মীম।
গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে কণ্ঠশিল্পী রেহান রাসুল বলেন, সিনেমার গানের ক্ষেত্রে তিনি সবসময়ই বেশ সচেতন থাকেন। ‘প্রেমে গেলাম ডুবে’ চমৎকার কথা ও সুরের একটি রোমান্টিক গান উল্লেখ করে তিনি জানান, নিজের গাওয়া গানটি যতবার শুনছেন, ততই মুগ্ধ হচ্ছেন। গানটি তার ভক্তদের পছন্দের তালিকার প্রথম দিকেই থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যদিকে গীতিকার পুলক অনিল বলেন, নব্বইয়ের দশকের একটি গল্পের জন্য বর্তমান সময়ের শ্রোতাদের রুচি মাথায় রেখে গান লেখা বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে গানটির কাজ পুরোপুরি শেষ হওয়ার পর তিনি নিজেই এর প্রেমে পড়তে বাধ্য হয়েছেন।

