সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে। এসব তথ্যকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে চিহ্নিত করে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পোস্টে জানানো হয়, ১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সময়ে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে কেউ যদি নিয়োগপত্র না পান, তবে তাদের বিষয়টি পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগপত্র পর্যায়ক্রমে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সরকারি যেকোনো নিয়োগের ক্ষেত্রে প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে ভেরিফিকেশন বা ভেটিং সম্পন্ন করা হয়। এটি সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একটি নিয়মিত প্রক্রিয়া।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। তারা ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের নথি পুনরায় যাচাই এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আহ্বান জানান। একই সাথে আটকে থাকা নিয়োগপত্র ২৮ সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার দাবিও জানান তারা।
শিক্ষকদের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, প্রশাসনিক যাচাই-বাছাই বা ভেরিফিকেশনের নামে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই প্রায় ১ হাজার ২০০ যোগ্য প্রার্থীকে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হয়, যেখানে মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন।

