চলতি জুলাই মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ ১৮ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।
এর আগে গত জুন মাসে দেশে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৫১ কোটি ৫১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৬৬ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
এর আগের মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহের চিত্র ছিল নিম্নরূপ: মে মাসে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, মার্চে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারি মাসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া গত ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছিল।

