রোজার চার মাস আগেই বাড়ছে তেল পেঁয়াজসহ ৬ পণ্যের দাম

পবিত্র রমজান মাস শুরু হতে এখনো প্রায় চার মাস বাকি থাকলেও রাজধানীর বাজারে আবশ্যিক কিছু পণ্যের দাম নীরবে বাড়তে শুরু করেছে। রান্নার গ্যাস সিলিন্ডার, সাবান, শ্যাম্পু ও ডিটারজেন্টসহ নিত্যব্যবহার্য বস্তুর বাড়তি খরচের সঙ্গে তিন বেলার খাদ্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে এমনিতেই সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তার ওপর রোজা কেন্দ্রিক প্রধান ছয়টি পণ্য—ছোলা, ভোজ্যতেল, পেঁয়াজ, মসুর ডাল, চিনি ও খেজুরের মূল্যে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে উদ্বেগ বাড়াচ্ছেন ভোক্তারা।

রাজধানীর একাধিক খুচরা বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫ টাকা বেড়ে প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে ১২৫ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১১০ টাকা। খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২০০ টাকায়। তিন দিন আগের ৫৫ টাকার দেশি পেঁয়াজ এখন বিকোচ্ছে ৬০ টাকা কেজিতে। এছাড়া ভালো মানের ছোট দানার মসুর ডাল কেজিপ্রতি ১৬৫ টাকা ও খোলা চিনি সর্বোচ্চ ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগেও যথাক্রমে ১৬০ টাকা ও ১১৫ টাকা ছিল। সবচেয়ে বেশি বেড়েছে খেজুরের দাম; সাত দিন আগে ১ হাজার টাকায় বিক্রি হওয়া প্রতিকেজি মাবরুম খেজুর এখন কিনতে হচ্ছে ১ হাজার ৩০০ টাকায়।

বাজার করতে আসা কাওরান বাজারের ক্রেতা মো. আবু সালেহ জানান, তিনি সন্তানদের জন্য প্রতি সপ্তাহে ছোলা ও খেজুর কেনেন। চলতি সপ্তাহে এসে দেখেন ছোলায় কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা এবং খেজুরে কেজিপ্রতি ৩০০ টাকা বেড়েছে। রোজা শুরুর আগেই এভাবে নীরবে পণ্যের দর বাড়ায় সাধারণ মানুষের দুশ্চিন্তা কোনোভাবেই কমছে না।

পণ্যমূল্য বৃদ্ধির পেছনে বেশ কিছু কারণ ব্যাখ্যা করেছেন কাওরান বাজারের ব্যবসায়ী মো. আকবর আলী। তিনি জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় পেঁয়াজ, ডাল, চিনি ও ছোলার দাম সাময়িক বেড়েছে। পাশাপাশি বোতলজাত সয়াবিন তেলে কমিশন কম থাকা এবং মিল থেকে সরবরাহ কমে যাওয়ায় খোলা সয়াবিনের চাহিদা ও দাম বেড়েছে। তবে বাজারে সরবরাহ বাড়লে আবার দাম কমে আসবে বলে তিনি জানান।

বাজারে এই পরিস্থিতির বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, মানুষের আয় না বাড়লেও সব ধরনের ব্যয় বেড়ে গেছে। রোজা শুরু হতে চার মাস বাকি থাকলেও সিন্ডিকেট চক্র আগেভাগেই ছয়টি পণ্যের দাম বাড়াতে সক্রিয় হয়ে উঠেছে। অসাধু ব্যবসায়ীরা যৌক্তিকভাবে দাম বাড়াচ্ছেন কি না তা খতিয়ে দেখতে সরকারের নজরদারি জরুরি।

তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সার্বিকভাবে স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, মৌসুমি কারণে ডিম ও শাকসবজির দামে সাময়িক ওঠানামা হলেও দেশে পর্যাপ্ত জোগান ও স্বাভাবিক আমদানি বজায় রয়েছে। বড় ধরনের কোনো সরবরাহ সংকটের আশঙ্কা নেই এবং আগামী রমজানে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকারের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এমনকি একসময় আমদানিনির্ভর পেঁয়াজে দেশ এখন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন, ক্রেতারা যেন স্বস্তিতে কেনাকাটা করতে পারেন সে ব্যবস্থা চলমান রয়েছে।

এদিকে অন্যান্য নিত্যপণ্যের বাজারে দেখা গেছে, ছুটির দিনে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ২০০ টাকায় পৌঁছেছে। তবে খুচরা বাজারে ডিমের দামে কিছুটা স্বস্তি এসেছে; প্রতি ডজন বাদামি রঙের ফার্মের ডিম ১৪০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। যদিও পাড়া-মহল্লার মুদি দোকানগুলোতে এখনো এই ডিম ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বাজারে গরুর মাংস প্রতিকেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকায় অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে সামুদ্রিক ও নদীর মাছের দাম চড়া; প্রতিকেজি তেলাপিয়া ২৫০-২৬০ টাকা, পাঙাশ ২০০-২২০ টাকা, রুই ৪৫০-৫০০ টাকা, কাতল ৩৫০-৮০০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, চাষের কই ৩০০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।