দেশে বেসরকারি বিনিয়োগে দীর্ঘদিন ধরে চলা স্থবিরতা আরও প্রকট হয়ে উঠেছে। একই সঙ্গে কমছে বেসরকারি খাতে ঋণের প্রবাহ ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই)। ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. ফাহমিদা খাতুন। বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ফাহমিদা খাতুন জানান, গত এক দশক ধরে বেসরকারি বিনিয়োগ জিডিপির ২৩ থেকে ২৪ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে ২০২৬ অর্থবছরে এটি আরও কমে ২২ শতাংশের নিচে নেমে এসেছে। বিনিয়োগের এই দুর্বলতা বেসরকারি খাতের ঋণপ্রবাহেও স্পষ্ট। চলতি বছরের জুনে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে ৪.৪ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। বিনিয়োগের অনুকূল পরিবেশের অভাব এবং ব্যবসার খরচ বেড়ে যাওয়ায় উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন।
বৈদেশিক বিনিয়োগের চিত্রও আশঙ্কাজনক উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, ২০২৬ অর্থবছরে সরাসরি বৈদেশিক বিনিয়োগ প্রায় ১৫ শতাংশ কমেছে। একই সময়ে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাস পেয়েছে, যা নতুন শিল্প স্থাপন ও বিদ্যমান শিল্পের প্রসারে দুর্বলতা নির্দেশ করে। বিনিয়োগকারীদের নিরুৎসাহিত হওয়ার পেছনে প্রধান কারণ হিসেবে তিনি গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটকে চিহ্নিত করেন। এছাড়া ব্যাংকিং খাতের দুর্বলতা, সুশাসনের অভাব এবং প্রায় ৩২.২৬ শতাংশে পৌঁছানো খেলাপি ঋণ উদ্যোক্তাদের অর্থায়ন পাওয়া কঠিন করে তুলছে। বর্তমানে নীতিসুদ ৯.৫ শতাংশ হওয়ায় ঋণের ব্যয়ও বেড়েছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে শিল্প উৎপাদন ০.২৮ শতাংশ সংকুচিত হয়েছে, যা বিনিয়োগ ও কর্মসংস্থানে বড় ঝুঁকি তৈরি করছে। অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরতে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলে মনে করেন তিনি।
সেমিনারে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশের অর্থনীতি বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, জ্বালানি সংকট ও সীমিত রাজস্ব সক্ষমতার মতো বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সমস্যা সমাধানে মুদ্রানীতি, রাজস্বনীতি ও শিল্পনীতিকে সমন্বিতভাবে পরিচালনা করতে হবে। তিনি রাজস্ব আদায়ের ক্ষেত্রে শুধু করহার না বাড়িয়ে করজাল সম্প্রসারণ, ডিজিটালাইজেশন ও কর প্রশাসনে স্বচ্ছতা আনার তাগিদ দেন।
জ্বালানি সংকট নিয়ে ড. তিতুমীর বলেন, বর্তমান সংকটের জন্য আগের সরকারের সময়কার ঋণ ও আর্থিক চাপ দায়ী, যার প্রভাব এখনো বইতে হচ্ছে। এই চাপ সামলাতে বিদেশি ঋণের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। তিনি শিল্পায়নের স্বার্থে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তির ব্যবহার এবং কৌশলগত জ্বালানি মজুত গড়ে তোলার ওপর জোর দেন।
নতুন পে-স্কেল প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত মূল্যস্ফীতি ১০৪ শতাংশ বাড়লেও সরকারি চাকরিজীবীদের পে-স্কেল সেই অনুপাতে বাড়েনি। নতুন পে-স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে হলে সরকারের বছরে অতিরিক্ত ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় হবে, যার জন্য রাজস্ব আহরণ বাড়ানো জরুরি।
ড. তিতুমীর আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, যা আগের অর্থবছরের ৪ লাখ ১৫ হাজার কোটি টাকার চেয়ে প্রায় ৪৬ শতাংশ বেশি। তবে গ্যাস-বিদ্যুৎ সংকট, মন্থর অর্থনীতি এবং আমদানি হ্রাসের কারণে এই লক্ষ্য অর্জন কঠিন হবে বলে এনবিআর কর্মকর্তারা আশঙ্কা করছেন। সেমিনারে বক্তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগের পরিবেশের উন্নয়ন এবং আর্থিক খাতের সংস্কারের মাধ্যমে অর্থনীতিতে গতি ফিরিয়ে আনার তাগিদ দেন।
সিপিডির এ ফেলো বললেন, ‘‘গত এক দশকে বেসরকারি বিনিয়োগ জিডিপির ২৩-২৪ শতাংশের মধ্যে আটকে ছিল। ২০২৬ অর্থবছরে তা আরও কমে ২২ শতাংশের নিচে নেমে এসেছে। বিনিয়োগের এই দুর্বলতার প্রতিফলন দেখা যাচ্ছে বেসরকারি খাতে ঋণপ্রবাহেও।’’

