স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পকে আরও শক্তিশালী অবস্থানে নিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন এবং উচ্চ মূল্য সংযোজন পণ্য উৎপাদনে দ্রুত এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পনেতা, উদ্যোক্তা ও নীতিনির্ধারকেরা। রাজধানীর হোটেল র্যাডিসনে বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্স (বায়লা) আয়োজিত দুই দিনব্যাপী ‘বায়লা ফিউচার সামিট–২০২৬’ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তারা এ কথা বলেন। তাঁদের মতে, ভবিষ্যতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা কেবল কম উৎপাদন ব্যয় বা বাজারসুবিধার ওপর নির্ভর করবে না, বরং উৎপাদনশীলতা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও টেকসই উৎপাদনই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হবে।
সম্মেলনের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, তৈরি পোশাকশিল্প কর্মসংস্থানের অন্যতম বড় উৎস। প্রযুক্তিনির্ভর শিল্পের চাহিদা পূরণে শ্রমশক্তিকে নতুন দক্ষতায় গড়ে তোলা এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী নেতৃত্ব তৈরি করা এখন সময়ের দাবি। তিনি জানান, সরকার শ্রমিক–মালিকের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রেখে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত এবং টেকসই শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিচ্ছে।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এআই ও ডিজিটাল প্রযুক্তি গ্রহণ ছাড়া ভবিষ্যতে কোনো কারখানার প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। প্রথম প্রজন্ম বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত করেছে, এখন সেই অর্জনকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নতুন প্রজন্মের। বিজিএমইএর সহসভাপতি বিদিয়া অমৃত খান এলডিসি–পরবর্তী বাস্তবতায় শুধু চুক্তিভিত্তিক উৎপাদনের ওপর নির্ভর না করে উদ্ভাবন, নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠা ও নকশা উন্নয়নের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন। তিনি ইন্ডাস্ট্রি ৪.০–এর প্রযুক্তিতে বিনিয়োগের গুরুত্বারোপ করেন।
শেল্টেক্ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, কোটা–পরবর্তী সময় ও কোভিড–১৯ মোকাবিলার অভিজ্ঞতা বাংলাদেশের আছে, যা এলডিসি–পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় কাজে লাগবে। ইউরোচ্যাম বাংলাদেশের চেয়ারম্যান নুরিয়া লোপেজ জানান, ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাকের জোরালো চাহিদা রয়েছে, তবে ভবিষ্যতে টেকসই উৎপাদন ও পণ্যের বহুমুখীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বায়লার সভাপতি আবরার হোসেন সায়েম নতুন প্রজন্মের উদ্যোক্তাদের ‘থিংক বিয়ন্ড টুডে’ মানসিকতা নিয়ে এআই ও উদ্ভাবনকে গ্রহণ করার আহ্বান জানান।
‘ম্যানুফ্যাকচারিংয়ের গণ্ডি পেরিয়ে ব্যবসা সম্প্রসারণ: ডিস্ট্রিবিউশন ও ভোক্তা–অভিজ্ঞতার শক্তি’ শীর্ষক অধিবেশনে ট্রান্সকম লিমিটেডের সিইও সিমিন রহমান বলেন, বৈশ্বিক ক্রেতারা এখন শুধু পোশাক নয়, বরং মানসম্মত উৎপাদন, উদ্ভাবন ও নির্ভরযোগ্যতা প্রত্যাশা করেন। তিনি বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ যেন উৎকর্ষের প্রতীক হয়, সেই লক্ষ্যে কাজ করতে হবে এবং শিল্পের ভবিষ্যৎ দূরদর্শী নেতৃত্বের ওপর নির্ভর করবে। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন বায়লার প্রথম সহসভাপতি হাসিন আরমান।

