বেক্সিমকো গ্রুপের দুটি প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো এলপিজি ইউনিট-১-কে বিশেষ ঋণসুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণখেলাপি হওয়ার কারণে প্রতিষ্ঠান দুটির ঋণসুবিধা নবায়ন, এলসি খোলা এবং চলতি মূলধন পাওয়ার ক্ষেত্রে যে আইনি প্রতিবন্ধকতা ছিল, তা দূর করতে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক কোম্পানি আইনের একটি ধারার নিষেধাজ্ঞা শিথিল করেছে।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক (৩) ধারার নিষেধাজ্ঞা এই দুই প্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্যকর হবে না। আইনটির এই ধারায় কোনো খেলাপি ঋণগ্রহীতাকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নতুন করে ঋণসুবিধা প্রদানের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে।
সোনালী ব্যাংকের গ্রাহক শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় ১০৫ কোটি টাকার চলতি মূলধন ঋণসীমা নবায়নের অনুমতি দেওয়া হয়েছে। তবে এই সুবিধার বিপরীতে সরকারের অর্থ বিভাগের কোনো দায় সৃষ্টি হবে না এবং সোনালী ব্যাংক সরকারের কাছে কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না। এছাড়া, শাইনপুকুর সিরামিকসের সব আয় একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে এবং সেই হিসাব থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিত পরিশোধ করতে হবে। এর আগে গত জুলাই মাসে প্রতিষ্ঠানটিকে শতভাগ মার্জিন সাপেক্ষে কাঁচামাল আমদানির জন্য এলসি খোলার সুযোগ দেওয়া হয়েছিল।
একই ধরনের সুবিধা পেয়েছে বেক্সিমকো এলপিজি ইউনিট-১। ন্যাশনাল ব্যাংকের এই ঋণখেলাপি গ্রাহককে শতভাগ মার্জিনের বিপরীতে এলসি খোলা এবং চলতি মূলধন সরবরাহের ক্ষেত্রে আইনি নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এই সুবিধা আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এই প্রতিষ্ঠানের ক্ষেত্রেও শর্ত দেওয়া হয়েছে যে, সব আয় একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে এবং তা থেকে ন্যাশনাল ব্যাংকের পাওনা আনুপাতিক হারে পরিশোধ করতে হবে। এক্ষেত্রেও সরকারের ওপর কোনো আর্থিক দায় চাপানো যাবে না বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।

