মধ্যনগরে হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সুনামগঞ্জের মধ্যনগরে হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন, যাতে সহযোগিতা করেছে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর।

কর্মশালায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনি রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) শঙ্কর কুমার বিশ্বাস। অনুষ্ঠানে 'বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬' এবং 'টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ' বাস্তবায়নের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শঙ্কর কুমার বিশ্বাস বলেন, দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হলো হাওর ও জলাভূমি। এগুলোর প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্যসম্পদ রক্ষায় সরকার আইন প্রণয়ন করেছে। তিনি আরও বলেন, এই আইন কার্যকর করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, মৎস্যজীবী ও কৃষকসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। হাওর ও জলাভূমি দখল, দূষণ এবং অবৈধভাবে সম্পদ আহরণ বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

কর্মশালায় বক্তব্য রাখেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সইফুল এবং যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া ও রায়হান উদ্দিন সোহেল। বক্তারা হাওরের জীববৈচিত্র্য ও জলজ পরিবেশ রক্ষায় নতুন আইন বাস্তবায়নের ওপর জোর দেন। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।