উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়।

অভিযানের বিবরণ অনুযায়ী, পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল কেকড়াতলী এলাকায় টহল দেওয়ার সময় বিজিবি সদস্যরা মিয়ানমার থেকে আসা এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখেন। বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে নিজের কাছে থাকা একটি পলিব্যাগ সৈয়দ নুরের মাছের ঘেরের কাছে ফেলে দ্রুত নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় পলিব্যাগটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত পলিব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচটি বায়ুরোধী প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটের ভেতর থেকে আনুমানিক ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।